দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
NEWS
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:
মানিকগঞ্জ থেকে পদ্মায় ফেরি পার হয়ে ফরিদপুর আসে ১১ বন্ধু। ১১ টি মোটরসাইকেল নিয়ে। সঙ্গে দুইজন বান্ধবী। ফরিদপুর এসে তাদের সাথে যুক্ত হয় আরও ৯ জন। মোট ২০ টি বাইকে ২০ জন তরুন। তাদের সাথে ২ তরুণী। উদ্দেশ্যে মহাসড়কে বাইক রেসিং। বাইক রেসিং থেকেই দূর-দূরান্তের বন্ধুদের সাথে পরিচয়। প্রায়ই সড়ক-মহাসড়কে এরা মোটরসাইকেল রেসিং করে থাকে!
ফরিদপুর থেকে ভাঙ্গা চৌরাস্তায় যখন আসে, তখন দুপুর ১২ টা পেরিয়ে গেছে। চৌরাস্তায় এক্সপ্রেসওয়ের নিচে সবাই মিলে আড্ডা দেয়ার পর রেসিং এর প্রস্তুতি নেয় তরুণেরা। রেসিংয়ে আরও দুই বাইকার অংশ নিতে না চাইলে দুই বান্ধবী ও দুই বাইকারকে রেখেই অন্যরা রওনা হয় পদ্মাসেতু অভিমুখে।
বিকট শব্দে মহাসড়ক দাপিয়ে তরুনদের বহরটি শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতু পার হবার পর একটু সামনে গিয়েই এক তরুণ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মহাসড়কে! ঘটনাস্থলেই প্রাণ যায় তার। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। আর এ দৃশ্য দেখে সহযোগী বাইকার বন্ধুরা মুহুর্তেই পালিয়ে যায়। দূর্ঘটনায় নিহত হতভাগ্য তরুণের নাম সাকিবুল হাসান(১৯)। সে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।
শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাঁচামারা নামক স্থানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার পর পালিয়ে যাওয়া বন্ধুদের একজন ভাঙ্গা চৌরাস্তায় অপেক্ষায় থাকা অপর বন্ধুদের দূর্ঘটনার কথা জানালে আরোহী আক্তার নামে নিহতের বান্ধবী ছুটে আসেন শিবচর হাইওয়ে থানায়।
নিহত সাকিবুলের বান্ধবী আরোহী আক্তার বলেন,'আমরা মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া ফেরি হয়ে ফরিদপুর আসি। সেখান থেকে আরও ৯ জন যুক্ত হয় আমাদের সাথে। আমরা ভাঙ্গা এলে আমি সহ আরো এক বান্ধবীকে রেখে ওরা বাইক রেসিংয়ে যায়। পরেই খবর পাই সাকিব এক্সিডেন্ট করেছে। আমি ভাঙ্গা থেকে ঘটনাস্থলে এসে দেখি সাকিব মারা গেছে। রেসিং আরও যারা ছিল তারা কেউই এগিয়ে আসে নাই। দূর্ঘটনা দেখেই চলে গেছে।'
তিনি আরও বলেন,' আসলে ওরা (সাকিব) প্রায়ই বাইক রেস করে। এভাবেই ফেসবুকে অন্যদের সাথে পরিচয়। একসাথে রেসিং করতে গিয়ে সাকিব পড়ে গিয়ে মারা যায়। ওর বাইকার বন্ধুরা ওকে রক্তাক্ত দেখেই পালিয়ে গেছে!'
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন,'দুপুরের পর দূর্ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলেটি মারা গেছে। ওখানে নিহতের পরিচিত কাউকে পাইনি। শুনেছি আরও বন্ধুদের সাথে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। বন্ধুরা দূর্ঘটনা দেখে ঘটনাস্থল থেকে সরে যায়। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team